
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর গিলাবাড়ি এলাকায় গোপন বৈঠক করার সময় জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হাজিরহাট থানা জামায়াতের আমীর মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাহবুবুর রহমান বাদশা।
রংপুর মেট্রোপলিটনের হাজিরহাট থানার ওসি রাজেস কুমার চক্রবর্তী বলেন, জামায়াত নেতা মশিউর রহমানের হাজিরহাট গিলাবাড়ির বাড়িতে ১৫-১৬ জন জামায়াতকর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করি। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হলে আদালত তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) হাফিজুর রহমান বলেন, পুলিশ বৃহস্পতিবার তিনজনকে আদালতে তুললে বিচারক ফজলে এলাহী খান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এম২৪নিউজ/আখতার