
রংপুর অফিস:
রংপুরে তিন ফসলী জমিতে ইপিজেড নির্মানের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনজন সাঁওতালকে গুলি করে হত্যার বিচার ও বাপ-দাদার জমি ফেরৎএর দাবী জানিয়েছে।
আজ রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে “সাঁওতাল হত্যা দিবসে” জেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাঁওতাল হত্যা দিবসের মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট,ও নির্যাতন করা হয়েছে। গুলি করে খুন করা হয়েছেন শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি, রমেশ টুডু সহ তিন সাঁওতাল। এ ঘটনার ৬ বছর পার হলেও বিচার ও ক্ষতিপূরণ পায়নি সাঁওতাল পরিবাররা।
পিবিআই ও সিআইডির দেয়া চার্জশীট হতে বাদ পড়েছেন মামলার প্রধান আসামি ও সাঁওতাল দের বাড়িতে আগুন দেয়া সহ অভিযুক্ত ব্যক্তিদের নাম।
বক্তারা বলেন, সাঁওতালদের উপর যে অত্যাচার চালানো হয়েছে তা পাকিস্তানি বর্বরতাকেও হার মানিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া সহ পুরোবিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে সরব হলেও এখনও আদিবাসীরা তাদের ন্যায্য বিচার পায়নি। বাপ-দাদার জমিতে পূর্ণ অধিকারসহ ৭ দফা দাবি বাস্তবায়ন ও অতি দ্রুত তাদের ক্ষতি পূরণ ও নায্য বিচার দাবি করেছেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলার আহ্বায়ক বিমল খালকো, সদস্য সচিব মোহন লাল কুজুর, জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, জাতীয় আদিবাসী পরিষদের পীরগঞ্জ উপজেলা সভাপতি অগাস্টিন, বদরগঞ্জ উপজেলা সভাপতি মানিক কেরকাটা, পীরগাছা উপজেলা সভাপতি বুধুয়া মিনজি, রংপুর সদর উপজেলা সভাপতি আলাল সিংসহ রংপুরের বিভিন্ন অঞ্চলের আদিবাসী নেতারা।
এম২৪নিউজ/আখতার