রংপুরে দুই মেসে আগুন, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ব্যাপক ক্ষয়ক্ষতি

রংপুর অফিস:

রংপুর নগরীর লালবাগ কলেজ রোড় এলাকায় পৃথক একটি ছাত্রা বাস ও একটি ছাত্রী নিবাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মেসে থাকা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজ পত্র সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কেডিসি রোডের লক্ষী মহল ছাত্রীনিবাসের একটি বন্ধ কক্ষ থেকে বিকট শব্দে আগুনের সূত্র পাত হয়। ওই মেসের বেশিরভাগ কক্ষে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ তৃতীয় তলায় আগুন লাগার কারণে ছাত্রীনিবাসে অবস্থানরত শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। সেখানকার নয়টি কক্ষের মধ্যে তিনটি কক্ষের মূল্যবান কাগজ পত্রসহ আসবাব পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে দীর্ঘদিন ধরে থাকছেন।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অবকাঠামোগত তেমন ক্ষতি না হলেও শিক্ষার্থীদের মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একই এলাকার গ্রীণ হাউজ ছাত্রাবাসে রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply