রংপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রেজওয়ান আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় দেন।  রায় ঘোষণা সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালানোর কারণে বাড়িতে একাই থাকেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে ২০০৪ সালের ২ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পেছনে গেলে আসামি রেজওয়ান আলী গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। 

এ ঘটনায় ৩ মার্চ বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ৮ জন সাক্ষী ও ডাক্তারের সাক্ষ্য ও জেরা শেষে আসামি রেজওয়ান আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। সেই সঙ্গে গ্রেফতার হওয়ার পর রায় কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। সেই সঙ্গে আদালত আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

এম২৪নিউজ/আখতার