
অনলাইন ডেস্ক:
রংপুরে ইউনিএইড নামে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের বদলে নার্সের মাধ্যমে রিক্তাশীল নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করার অভিযোগ উঠেছে। এতে নবজাতকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ ওই প্রসূতি ও তার স্বজনদের।
শনিবার (১৪ অক্টোবর) সকালে নগরীর ধাপ এলাকায় ইউনিএইড নামে এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
রোগীর দেবর সুভাষ শীল জানান, অপারেশনের জন্য কর্নেল ম্যাম নামে একজন গাইনি ডাক্তারের সঙ্গে তারা চুক্তি করেন। কিন্তু অপারেশন হয়ে যাবার পর তারা জানতে পারেন সে ডাক্তার আসেননি। তার বদলে হাসপাতালের নার্সসহ অন্যরা অপারেশন করেছে। এতে নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চান তারা।
রোগীর স্বামী লিটন শীল বলেন, ‘আমার ঘরে আরও তিন সন্তান আছে। চতুর্থ সন্তানের অপারেশনের জন্য এখানে এসেছিলাম কিন্তু ওরা আমার বাচ্চাকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।
রোগী রিক্তাশীল বলেন, ‘অপারেশনের পর যতটুকু জ্ঞান ছিল বাচ্চাটাকে হাত-পা ছুড়তে দেখেছি কিন্তু কিভাবে মারা গেল সেটা জানা নেই। ওরা আমার বাচ্চাকে হত্যা করেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানিয়েছে, এর আগেও এ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ওখানে ডাক্তারদের কাজগুলো নার্স ও আয়া করে থাকে।
এদিকে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে সটকে পরে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সেখানকার কর্মরত ডাক্তার গোলাম রব্বানী বলেন, ‘আমি কিছুক্ষণ আগে এসেছি। হাসপাতালের লোকজন জানালো এই অপারেশন কামাল উদ্দিন রাজু নামে এক চিকিৎসক করেছেন। রোগীর স্বজনরা কর্নেল ম্যামের সঙ্গে কথা বলেছেন কিনা সেটা জানা নেই।’ সময়
এম২৪নিউজ/আখতার