
রংপুর অফিস:
রংপুরে আট দিন নিখোঁজ থাকা প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ছাদেক আলীর সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীসহ মহানগর আওয়ামী লীগ।
আজ সোমবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।গত একুশের প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন প্রবীণ এই নেতা। এর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নিখোঁজ ছাদেক আলীর সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহসভাপতি দিলশাদ হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক নওশাদ রশীদ ও নিধুরাম অধিকারী, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী এবং ছাদেক আলীর ছেলে মেহেদী হাসান।
এসময় বক্তারা বলেন, গত ২০ ফেব্রুয়ারী রোববার রাত ১১টার দিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাসা থেকে বের হন অশীতিপর ছাদেক আলী। থানায় জিডি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে জানানো হয়েছে। কিন্তু কেউই এখন পর্যন্ত তারা কোনও সন্ধান দিতে পারেননি। আমরা প্রশাসনের প্রতি আস্থা হারাতে চাই না। কিন্তু ৮ দিনেও তারা সন্ধান করতে না পারায় আমরা চরম হতাশ হয়ে পড়েছি।
তারা আরো বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে নিখোঁজ আওয়ামী লীগ নেতা ছাদেক আলীর সন্ধান না মিললে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। সমাবেশ শেষে এলাকাবাসী ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।
নিখোঁজ ছাদেক আলী (৮০) রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের তাজহাট নাজির দিগর এলাকার বাসিন্দা। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর গায়ের রং ফর্সা, তিনি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি লম্বা। তাঁর মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল বলে। ছাদেক আলীর সন্ধান চেয়ে ঘটনার পরদিন সোমবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর ছেলে মেহেদী হাসান।
এ ব্যাপারে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, এখন পর্যন্ত ছাদেক আলীর কোনও সন্ধান পাওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। পুলিশের পক্ষ থেকে তাকে খোঁজা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার