
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর ৩১নং ওয়ার্ড শেখপাড়া গ্রামে নিখোঁজের ১২ ঘন্টা পরে ভুট্টার ক্ষেত থেকে এন্তাজ আলী (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ।
জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩১নং ওয়ার্ড শেখপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে এন্তাজ মিয়া রংপুর নগরীতেই রড মিস্ত্রির ঠিকাদারের কাজ করতো।
পারিবারিক সূত্রে জানা যায় গতকাল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮ টার দিকে এন্তাজ মিয়ার মোবাইল ফোনে একটি ফোন আসে সেই ফোনে কথা বলা অবস্থায় তিনি বাসা থেকে বেরিয়ে যায় পরে আর বাসায় না ফেরার কারণে পরিবার এবং এলাকাবাসী তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে আজ (শুক্রবার) সকাল আটটার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করতে যায় তার পরিবারের লোকজন। এ সময় তাদের থানার কর্তব্যরত ডিউটি অফিসার সংশ্লিষ্ট এলাকায় ভালোভাবে খোঁজ করার পরামর্শ দেন এবং খোঁজাখুঁজির পর না পেলে থানায় আসতে বলেন।
পরে পরিবারের লোকজন ও এলাকাবাসীর সহায়তায় ওই লোককে খুঁজতে শুরু করে, খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে শেখপাড়া গ্রামের একটি ভুট্টার জমিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মৃত ব্যাক্তির বড় ছেলে ইমরান হোসেন (২৪) জানান গতকাল রাতে বাবার মোবাইলে একটি ফোন আসে কে এই ফোনটি দিয়েছে তা আমরা নিশ্চিত নয়, তবে ঐ ফোন পেয়েই তিনি বেরিয়ে যায়, কাল থেকে অনেক খোঁজাখুজির পর তাকে ভুট্টার জমি থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন -উপ-পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) মোত্তাকি ইবনে মেনান, সহকারী উপ পুলিশ কমিশনার(এসি কোতোয়ালী জোন) জমির উদ্দিন, তাজহাট থানার অফিসার ইনচার্জ শেখ রোকনুজ্জামান রোকন।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার জমির উদ্দিন জানান- আমরা এই ঘটনার তথ্য উদঘাটনের জন্য প্রাথমিক কিছু আলামত পেয়েছি, সেই আলামত এর উপর ভিত্তি করে পুলিশ তথ্য উদঘাটনের জন্য কাজ করছে, আমরা আশা করছি উদঘাটিত তথ্য মোতাবেক অপরাধীকে সনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
তাজহাট থানার অফিসার ইনচার্জ শেখ রোকনুজ্জামান রোকন জানান- লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর রিপোর্ট অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।