রংপুরে পুলিশ, নার্সসহ আরো ৪ জনের করোনা জয়

নিউজ ডেস্ক:

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরো চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই চারজনের মধ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মী ও নার্স রয়েছেন।

শনিবার দুপুরে ওই চার জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

তারা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রিনা চৌধুরী, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও মিঠাপুকুর উপজেলার বাসিন্দা আনিসুর রহমান, গোবিন্দগঞ্জের ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল মামুন এবং ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী মোখতার হোসেন। তাদের সকলেরই পরপর দুইবার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত না হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিফাত মাহমুদ জানান, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা এক নারীসহ চারজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা সবাই এখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং তাদের শরীরে করোনা নমুনার সবশেষ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১২০ জন। এদের মধ্যে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের ছয়জনসহ মোট সুস্থ হয়েছেন ৯ জন। বর্তমানে সেখানে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সূত্র: বাংলাদেশ টাইমস।