
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রংপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০এর শুভ উদ্বোধন এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলিম মাহমুদ।
পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিজয় দিবস বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান বিজয় দিবসের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বিজয়ের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পরাধীনতার ইতিহাস। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলেও এ ভূ-খণ্ডের বাঙালির স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার তথা মুক্তি আসেনি।
এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
