
নিউজ ডেস্ক:
রংপুর প্রেসক্লাবের সামনে প্রকাশ্য দিবালোকে দলবেঁধে ফরহাদ (২৮) নামের এক যুবককে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মারপিটের দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকালে রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ এ ঘটনায় ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মারপিটের শিকার ফরহাদ হোসেন নগরীর জাহাজ কোম্পানি এলাকার আব্দুল আলীম মিয়ার ছেলে।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার(১১ মার্চ) বিকালে মারপিটের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে এক মেয়েকে সাথে নিয়ে ফিরছিলেন ফরহাদ। পথে প্রেসক্লাবের পাশে এক ছাপাখানার দুই কর্মচারী মেয়েটিকে উত্ত্যক্ত করে।
এ ঘটনাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে ফরহাদ প্রেসক্লাব মার্কেটের কাছে আসলে ৮/১০ জন যুবক লাঠি, লোহার রড, পাইপ, ছুরি নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ ঘটনা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে ঘটলেও কেউই তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি।
সন্ধ্যার পর ফরহাদের ওপর হামলার ছবি ফেসবুকে ভাইরাল হলে নগরী জুড়ে তোলপাড় শুরু হয়।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, নগরীতে প্রকাশ্য দিবালোকে এ ধরনেরর সন্ত্রাসী হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিন জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম২৪নিউজ/আখতার