রংপুরে ফিস্টুলা রোগী শনাক্তকরণ শীর্ষক অ্যাডভোকেসি সভা

বিশ্বে ১০ লাখ নারী ফিস্টুলা রোগে ভুগছেন।।

রংপুর অফিস:

বর্তমানে বিশ্বে প্রায় ১০ লাখ নারী ফিস্টুলা রোগে ভুগছেন। এরমধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় ২০ হাজার নারী। এছাড়াও বিশ্বে প্রতি বছর প্রায় ৫০ হাজার নতুন রোগী যোগ হচ্ছেন। সেই তালিকায় বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় দুই হাজার নতুন রোগীর নাম থাকছে। এ পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির সঙ্গে বাল্যবিয়ে রোধ ও কম বয়সে গর্ভে সন্তানধারণ না করার ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে।

রবিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ‘ফিস্টুলা রোগী সনাক্তকরণ’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএইপএ) বাংলাদেশ ও ল্যাম্ব হাসপাতালের এফআরআরইআই প্রকল্পের কারিগরি সহায়তায় এ সভার আয়োজন করে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আব্দুল মোতালেব সরকার বলেন, ফিস্টুলা রোগের চিকিৎসা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, বাল্যবিয়ে ও কম বয়সে গর্ভধারণ, জরায়ুতে অপারেশন, অদক্ষ ধাত্রী বা প্রতিবেশীর মাধ্যমে ডেলিভারি করানোসহ সচেতনতার অভাবে ফিস্টুলা রোগ বাড়ছে। তবে হতাশ হবার কিছু নেই। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ফিস্টুলা রোগীর চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

বক্তারা বলেন, নারী জনন অঙ্গের ফিস্টুলা প্রতিরোধযোগ্য। প্রাথমিকভাবে ফিস্টুলা সনাক্ত হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র সেবা নিতে হবে। তবে এ রোগ প্রতিরোধে বাল্যবিয়ে প্রতিরোধ ও কম বয়সে গর্ভধারণ থেকে বিরত থাকতে হবে। বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব প্রতিরোধ, দক্ষ স্বাস্থ্য সেবাদানকারীর কাছ থেকে গর্ভকালীন, প্রসব ও প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা গ্রহণে গুরুত্ব বাড়াতে হবে। গর্ভকালীন সময়ে ন্যূনতম চারবার স্বাস্থ্যসেবা গ্রহণ, মিডওয়াইফ এর কাছ থেকে মাতৃস্বাস্থ্যসেবা গ্রহণ এবং যে কোনো জটিলতায় তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। গর্ভবতী মায়েদের প্রসব যাতে সহজ ও নিরাপদে হয়, সে জন্য সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়ন জরুরি। কিভাবে নিরাপদ প্রসব সম্ভব এর জন্য যেমন প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, তেমনি গর্ভবতী মায়েদের পরিবারের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply