রংপুরে বালু ব্যবসায়ীকে আটক করে বিক্ষোভ

নিউজ ডেস্ক:

রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যবসায়ীকে আটক করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর ধর্মদাস পানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও পুলিশ আলম মিয়া নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, নগরীর তাজহাট এলাকার বাসিন্দা আলম মিয়া একটি শ্যালো মেশিন বসিয়ে ঘাঘট নদীর পানবাড়ি সেতুর নিচ থেকে এক বছর ধরে বালু উত্তোলন করে আসছেন।

তারা জানান, প্রতিদিন ওই জায়গা থেকে পাঁচ-সাত ট্রলি বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে প্রায় একশ বসতবাড়ি। বালু উত্তোলন করায় আবাদি জমি ও সেতুও ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে ওই ব্যবসায়ীকে বারবার নিষেধ করলেও তিনি শুনতেন না। বরং নানাভাবে হুমকিধামকি দিতেন।

বৃহস্পতিবার দুপরে বালু তোলার সময় এলাকাবাসী তাকে আটক করে এবং বালু তোলা বন্ধের দাবিতে বিক্ষোভ করে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের এক জন খতিবর রহমান বলেন, ‘ঘাঘট নদী থেকে বালা (বালু) তোলার কারণে হামার জমিগুলা চাষ করতে পারি না। নদীত ভাঙ্গি যাওছে। হামরা চাই সরকার এই বালা তোলা বন্ধ করুক।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাব হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর আমি এবং মেয়র মহোদয় ঘটনাস্থলে যাই। সেখানে থেকে আটক হওয়া বালু ব্যবসায়ী আলমকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তাজহাট থানায় বালু উত্তোলন মামলা দেয়া হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘বালু উত্তোলন কঠোরভাবে নিষিদ্ধ। কেউ এই কাজ করলে তাকে ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘এখানকার সংযোগ সড়কের কাছে এভাবে (প্রায় দুই ফুট করে কাটা হয়েছে) বালু উত্তোলন হয়েছে তা জানা ছিল না। বালু উত্তোলনকারী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply