
নিউজ ডেস্ক:
রংপুরে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পুলিশ লাইন মাঠ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনি ও রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় শহিদদের সম্মানার্থে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সামাজিক ও জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।
সকাল ৮টার দিকে রংপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টার দিকে রংপুর জেলা শহরস্থ সার্কিট হাউজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং সেলামি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন।
সকাল ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে রংপুর জেলা শহরস্থ জিলা স্কুল মাঠে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার উদ্বোধন করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম রঙ্গিন বেলুন এবং সাদা পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন ঘোষণা করেন।
সকাল পৌনে ১১টার দিকে রংপুর জেলা ও মহানগরীতে ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমদ ইমতির নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টার দিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, ও মুক্তিযুদ্ধকালীন শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার