
নিউজ ডেস্ক:
রংপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাদশা মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর ৩২নং ওয়ার্ডের মিলনপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর মিলন পাড়ায় বাদশা মিয়া ও তার মাদকাসক্ত ছেলে ঝন্টু মিয়ার পারিবারিক কলহের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছেলে ঝন্টু লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুব মোর্শেদ শামীম জানান, ঘটনাটি জানতে পেরে এলাকাবাসীর সহযোগিতায় বাদশা মিয়াকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুন) বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাজহাট মেট্রোপলিটন থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এম২৪নিউজ/আখতার