রংপুরে মামলার তদন্ত করতে গিয়ে গণপিটুনির শিকার ভুয়া এএসআই

নিউজ ডেস্ক:

রংপুরে মামলার তদন্ত করতে গিয়ে গণপিটুনি শিকার হয়েছেন মামুন নামের এক ভুয়া এএসআই। সোমবার দুপুরে নগরীর বাহারকাছনা এলাকার চৌদিকারি মোড় বাংগীটারী গ্রামে এ ঘটনা ঘটে।

মামুন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার মাছহারী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বধুকমলা এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী বাদী হয়ে হারাগাছ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোমবার দুপুরে ওই নারীর করা অভিযোগের একটি ফটোকপি নিয়ে তদন্তে যান মামুন। তিনি নিজেকে হারাগাছ থানা পুলিশের এএসআই পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

হারাগাছ থানার এসআই আবু সায়েম জানান, একজন ভুয়া পুলিশকে আটকের খবরে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায়, আটক মামুনের কাছে কোনো ওয়ারলেস, পরিচয়পত্র বা পুলিশের পোশাক ও অস্ত্র ছিল না। স্থানীয়রা তাকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এক ভুক্তভোগী নারীর অভিযোগের বিষয়ে টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে আটকের পর মারধর করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply