
নিউজ ডেস্ক:
রংপুর নগরীতে ইয়াসমিন আক্তার কবিতা নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবা ইউসুফ আলীকে আটক করা হয়।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান। এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর মাহিগঞ্জ এলাকার বীরভদ্র বালাটারি গ্রাম থেকে কবিতার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইয়াসমিন আক্তার কবিতার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে শনিবার রাতে তাকে মারধর করে তার বাবা ইউসুফ আলী।
রোববার সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় কবিতার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন তার মা। পরে এলাকাবাসী এসে মরদেহ নামিয়ে রাখে।
মাহিগঞ্জ থানার ওসি মাহবুবার রহমান বলেন, ঘটনাস্থল থেকে কবিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার