
নিউজ ডেস্ক:
রংপুরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন দোকান খোলা রাখা, মাস্ক না পড়ায় জরিমানা আদায় করছিলন মাহিদুর রহমান নাঈম (৪০)। এরই মধ্যে এক ব্যবসায়ীর সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন। বেরিয়ে আসে আসল তথ্য। পরে গণধোলাইয়ের পর নাঈমকে পুলিশে সোপর্দ করে জনতা।
শুক্রবার সকালে নগরীর কামাল কাছনা তাঁতীপাড়ায় এ ঘটনা ঘটে।
নাঈম রংপুর নগরীর আরসিসিআই মোড় এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে। পেশায় তিনি মোবাইল রিচার্জের দোকানদার বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে একটি রিকশায় চেপে নগরীর শ্মশান এলাকায় আসেন নাঈম। করোনা পরিস্থিতিতে দোকানপাট খোলা রাখা এবং মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিক, পথচারীসহ বেশ কয়েকজনকে জরিমানা করেন।
একপর্যায়ে তার সঙ্গে পুলিশ না থাকায় স্থানীয় দোকান মালিকদের সন্দেহ হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার ভুয়া ম্যাজিস্ট্রেটের বিষয়টি ধরা পড়ে। পরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।