
রংপুর অফিস:
রংপুরে এনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ আবুল কাশেম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ১০টায় নগরীর দমদমা লক্ষণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে হাশেম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মধ্য দিগর পানছড়ি গ্রামের শামসুল হুদার ছেলে।
পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার-কুড়িগ্রামগামী এনা পরিবহনের একটি নৈশকোচে অভিযান পরিচালনা করা হয়। রংপুরে ইয়াবার একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। সেখানে কাশেম নামের একজন সন্দেহ ভাজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।তার ব্যাগ থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদক দ্রব্য পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রংপুরের ইতিহাসে এখন পর্যন্ত এটাই ইয়াবার সবচেয়ে বড় চালান। জব্দ কৃত ইয়াবার মূল্য আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এম২৪নিউজ/আখতার