
অনলাইন ডেস্ক:
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অটোরিকশা চালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, সংসদ সদস্যসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) মানিকের মা নুরজাহান বেগম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন টিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে এ মামলা করেন। ১৮ জুলাই নগরীর মডার্ন মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
এ মামলার আসামি হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল রায়, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, সাবেক সংসদ সদস্য টিপু মুনশি, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সদস্যসচিব আবুল কাশেম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রাশেক রহমান, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া, সিটি কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, সাবেক সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সংসদ সদস্য নাসিমা জামান ববি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা, সিটি করপোরেশনের কাউন্সিলর, বিশ্ববিদ্যালয় শিক্ষক আইনজীবীদের নামসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আলাউদ্দিন আলমগীর বলেন, মানিক হত্যার বিচার চেয়ে তার মা নুরজাহান বেগম বিজ্ঞ আদালতে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীসহ ১১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আদালত জবানবন্দি শুনে মামলাটি গ্রহণ করেছেন। যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কিছু বাদী তৈরি করে এ রকম মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আগেই একটি মামলা রুজু করে রেখেছিল। তাই আগামী ৩১ আগস্টের মধ্যে পূর্বের মামলাগুলো প্রত্যাহার হলে এ মামলাটি তাজহাট থানায় এজাহার হিসেবে রেকর্ড হবে এবং মামলার কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, পুলিশের গুলিতে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, প্রকৌশলী আব্দুল্লাহ আল তাহির ও ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম হত্যার ঘটনায় রবিবার (১৮ আগস্ট) পৃথক ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং আসামী করা হয়েছে দেড় শতাধিক।
এম২৪নিউজ/আখতার