
নিউজ ডেস্ক:
রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণাধীন একটি ভবনের দোতলার ছাদের একাংশ ধসে পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২৮ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে নগরীর সড়ক ভবন চত্বরে এ ঘটনাটি ঘটে।
ভবন নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের সার্টারিং নড়বড়ে থাকায় ছাদ ধসের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিস বলছে, দুর্বল সার্টারিং এর কারণে ছাদ ঢালাইয়ের একাংশ ধসে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সওজ’র ওই ভবনটির নির্মাণ কাজ চলছিল। বিকালে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক সেখানে ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ দোতলার একটি অংশ ধসে পড়লে সেখান থেকে শ্রমিকরা দ্রুত সরে যাওয়াতে প্রাণে বেঁচে যান। কিন্তু ভয়ে ছোটাছুটি করতে গিয়ে অন্তত চার-পাঁচজন আহত হয়েছেন। তাদের শরীরে জখম হয়েছে। কেউ কেউ হাত, পা ও মুখে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান আরিফ নামে এক যুবক সাংবাদিকদের জানান, ছাদের উপরে ঢালাইয়ের কাজে শ্রমিকেরা সবাই ব্যস্ত ছিলেন। আকস্মিকভাবে সার্টারিং ভেঙে ছাদের একাংশ ধসে পড়ে। এতে কয়েকজন নিচে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, ভবনটি সড়ক বিভাগের জোনাল অফিস হিসেবে নির্মাণ করা হচ্ছিল। দুর্বল সার্টারিংয়ের কারণে সদ্য ঢালাই করা ছাদের একটি অংশ ধসে পড়ে।
রংপুর সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহ বলেন, বৃষ্টির কারণে সার্টারিং সরে গিয়ে একাংশ ধসে পড়েছে। এতে দু-তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।বার্তা২৪
এম২৪নিউজ/আখতার