রংপুরে সনাক-টিআইবি’র উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন

রংপুর অফিস:

রংপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর এর উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে নাগরিকদের সচেতন করতে এক সচেনতামূলক ক্যম্পেইন এর আয়োজন করা হয়।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাগরিকদের তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ে ধারণা প্রদান, কিভাবে তথ্য চেয়ে আবেদন করতে হয় তা হাতে কলমে শেখানো, কেউ তাৎক্ষনিক সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাইলে তার পূরণে সহযোগিতা করা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও আবেদন পত্র বিতরণ করা হয়।

এ সময় ক্যাম্পেইনের শুরুতে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা এবং সনাক সদস্য প্রফেসর মোঃ শাহ আলম উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন।

তথ্য অধিকার আইন বিষয়ক এ ক্যাম্পেইনে নাগরিকদের অধিকাংশই এ আইন সম্পর্কে প্রথম বারের মত ধারণা পেয়েছেন। এছাড়াও অনেকে এ আইনের নাম শুনলেও কিভাবে এর প্রয়োগ করা যায় এবং কিভাবে এ সুফল পাওয়া সম্ভব সে বিষয়ে সরাসরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পান।

রংপুর সিটি কর্পোরেশনে সেবা নিতে আসা প্রায় দেড় শতাধিক নাগরিকদের আবেদন প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয়। উপস্থিত নাগরিকবৃন্দ এ ধরণের কর্মসূচি আয়োজনের মাধ্যমে তারা এ বিষয়ে জানতে পেরে উপকৃত হয়েছেন বলে জানান। বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরণের উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, রংপুরের উদ্যোগে রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠানে মাসব্যাপী এধরনের আয়োজনের পরিকল্পনা করেছে। এছাড়াও কলেজ পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের নিয়েও ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতার পরিকল্পনা আছে বলে জানানো হয়। উক্ত তথ্য অধিকার ক্যাম্পেইন কার্যক্রমটি সার্বিকভাবে পরিচালনা করেন সনাক, রংপুরের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) গ্রুপের সদস্যগণ। এ সময় কর্মসূচির সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আলমগীর কবির।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply