রংপুরে সনাক-টিআইবি’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রংপুর অফিস:

টিআইবি-এর নতুন প্রকল্প “পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)” বিষয়ে এক অবহিতকরণ সভা রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

সভায় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর নাহার বেগমসহ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, পরিবেশ অধিদপ্তর, সমাজসেবা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা ও উপজেলা সদর এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, টিআইবি, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।

বুধবার বিকাল ৪টায় প্রায় দেড় ঘন্টাব্যাপী আয়োজিত সভায় জানানো হয়, টিআইবি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশনঃ টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প গ্রহণ করেছে। পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি (জানুয়ারি ২০২২-ডিসেম্বর ২০২৬) ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন গ্রহণ করেছে।

উক্ত প্রকল্পে সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, নির্মাণ, পরিবেশ এবং প্রযোজ্যক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে সেবার মান, সুশাসনের অবস্থা পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করবে।

জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেন, জনগনের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। একপক্ষ দুর্নীতি করে বলে অপর পক্ষ দুর্নীতি করতে বাধ্য হয়। দুর্নীতি প্রতিরোধে সহায়ক আইন প্রণয়নে টিআইবি’র ভূমিকার কথা উল্লেখ করেন। ভূমি খাতে অনলাইনে মিউটেশন এবং খতিয়ান অনলাইনভিত্তিক করা হচ্ছে।

সরকারি ইস্তিহারে সুশাসন নিশ্চিত করার বিষয় উল্লেখ করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য খাতে নিয়োগে যথাযথভাবে করা যায় তবে অবশ্যই দুর্নীতি রোধ করা সম্ভব। সরকারি কর্মকর্তাদের বেশি জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধিতে টিআইবি ভূমিকা পালন করছে এবং নতুন প্রকল্পের মাধ্যমে নাগরিকদের মতামত ও সুপারিশ আমাদের কাছে আসলে আমরা গুরুত্বসহকারে আমর দেখবো বলে আশ্বাস প্রদান করেন। তিনি প্রত্যাশা করেন টিআইবি ও সনাক কর্তৃক যে নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে তাতে দুর্নীতিবিরোধী মানসিকতার প্রতিফলন থাকবে।

সভায় সনাক সদস্য প্রফেসর মো. শাহ আলম এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী। প্যাকটা প্রকল্প বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি প্রধান কার্যালয়ের সিভিক এনগেজমেন্ট ডিভিশনের ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃঞ্চ সাহা।

বক্তারা বলেন, টিআইবি প্রনীত গবেষণা প্রতিবেদন বিভিন্ন সময় দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তথ্যপূর্ন গবেষনা টিআইবি তার নতুন প্রকল্পেও অব্যাহত রাখবে বলে বক্তারা প্রত্যাশা করেন। এসময় বক্তারা আরো বলেন, প্রত্যেককে নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে। নিজে সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম বলেন, ২০০৪ সাল থেকে টিআইবি রংপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহায়তায় একাধিক প্রকল্পের মাধ্যমে কাজ সম্পন্ন করেছে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন এগিয়ে নেয়ার ক্ষেত্রে সে সব প্রকল্পে জনসম্পৃক্ততা যেমন ছিল, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য। সনাক ও টিআইবি’র নতুন প্রকল্প প্যাকটাতেও একই ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে তিনি আশা প্রকাশ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply