রংপুরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

রংপুর অফিস:

রংপুরের চাকরি প্রত্যাশীরা সাধারণ শিক্ষার্থীরা সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এ উন্নীতকরণের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছেন। সমাবেশ থেকে বৈষম্যমূলক ব্যাকডেটের প্রতিবাদ জানানো হয়।মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর লালবাগ চত্বরে ৩৫ প্রত্যাশী যুব প্রজন্ম ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কয়েক শতাধিক সরকারি চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশ নেয়।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, সংবিধানের ২৯ ধারা-১ এ বর্ণিত সরকারি চাকরিতে সকলে সমান সমতা পাবে। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন।গত এক যুগ ধরে সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন চলছে। করোনা মহামারির আঘাতে সরকারি চাকরি প্রত্যাশীরা সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে। সকল বয়সী শিক্ষার্থীরা দুই বছরের অধিক সময় হারিয়েছেন। সঙ্গে বিদ্যমান সেশনজট এবং বিগত এক বছর ধরে একই দিনে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যা সংবিধানের লঙ্ঘন।

বক্তারা বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অঙ্গিকার করেছিলেন। কিন্তু ক্ষমতাসীন হবার পর থেকে অঙ্গীকার বাস্তবায়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। অথচ মহান জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিটি এখন পর্যন্ত ৭১ বার উত্থাপিত হয়েছে।

৩৫ প্রত্যাশী যুুব প্রজন্ম রংপুরের অন্যতম সদস্য আহসান হাবিব বলেন, বর্তমানে সবচেয়ে যৌক্তিক একটা দাবিতে আমরা আন্দোলন করছি। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিকরণের বিষয়টিতে সরকার একমত। কিন্তু সরকারের কিছু আমলারা এবিষয়ে উদাসীন। স্থায়ীভাবে বয়স বৃদ্ধি না করে প্রহসন মূলক ব্যাকডেট দিয়েছে। ওই ব্যাকডেট শুধু তাদের জন্য, যারা করোনার সময়ে চাকরির জন্য আবেদনের বয়স হারিয়েছে।এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী আজ শিক্ষা কার্যক্রম শেষ করে চাকরির প্রত্যাশায় ঘুরছে। সরকারি চাকরি এখন সোনার হরিণ। দিনে দিনে কাঙ্খিত চাকরি না পেয়ে বেকারত্ব বাড়ছে। সরকার বেকারত্ব কমাতে চায়। কিন্তু যারা একসময় পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেলের বিরোধিতা করেছে, আজ তারা আবার সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার বিরোধিতা করছে। আমরা বিশ্বাস করি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প কেউ নেই।

বক্তারা অনতিবিলম্বে চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫-এ উন্নীতকরণ ও বৈষম্যমূলক ব্যাকডেট পদ্ধতি প্রত্যাহারের জোর দাবি জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply