রংপুরে সীমিত পরিসরে বর্ষবরণের প্রস্তুতি, হচ্ছেনা মঙ্গল শোভাযাত্রা

রংপুর অফিস:

রংপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সীমিত পরিসরে থাকছে ছোট-ছোট নানা আয়োজন। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরী প্রদক্ষিন করবে।

আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর জিলা স্কুলে মাঠে গিয়ে দেখা যায় বর্ষবরণের প্রস্ততি সারতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থী সহ রংপুর জেলা প্রশাসনের আয়োজকেরা।

জিলা স্কুল মাঠের ঐহিত্যবাহী বৈশাখী বটতলা চত্বরে রঙের পরসা আর রংতুলি নিয়ে আঁকা-আঁকি করছেন চারু শিল্পীরা। কেউ ব্যস্ত মাটির হাঁড়ির গায়ে রংতুলির আঁচড়ে গ্রামবাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে কেউবা সড়কের বুঁকের উপরে নানা রঙে রাঙানো আলপনা আঁকতে।

দেয়ালে থাকা হাতি, ঘোড়া, ময়ূর, প্রজাপতি, পাখি, ফুলসহ বাহারি নকশায় ফুটে উঠেছে জেলাস্কুল মাঠে বৈশাখী বটতলা চত্বর। শোভাযাত্রার জন্য বাঁশ ও কাঠ দিয়ে ময়ূর, হাতি ছাড়াও কাগজের ফুল, প্যাঁচা, পাখপাখালি তৈরি করছেন শিক্ষার্থীরা। বটতলায় মঞ্চ তৈরি করার পাশাপাশি মাঠের এক কোণে দিনব্যাপী মেলার জন্য স্টল তৈরির কাজও করতে দেখা গেছে।

রংপুরের চারুশিল্পী তুরিন বলেন, শুধু করোনার কারণে আমরা দুই বছর পয়লা বৈশাখ উদযাপন করতে পারিনি। এবার পরিস্থিতি ভালো কিন্তু মাহে রমজান হওয়ায় সীমিত আয়োজন থাকছে। আমরা চেষ্টা করছি স্বল্পপরিসরে হলেও বৈশাখের আমেজ ফুটিয়ে তুলতে।

রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী অর্ণব জানান, বৈশাখ মানেই একটা অন্য রকম অনুভূতি। পান্তা-ইলিশ, মঙ্গল শোভা যাত্রা, হা-ডু-ডু, লাঠিখেলা সহ নানা আয়োজন দেখে আমরা অভ্যস্ত। এদিনটি আমাদের বাঙালির প্রাণের উৎসব। দুই বছর উৎসব আয়োজন হয়নি। এবার সীমিত পরিসরে হচ্ছে।

রংপুর জিলা স্কুল মাঠে বাংলা বর্ষবরণের ব্যস্ততা দেখা গেলেও সুনসান নীরবতা দেখে গেছে সংস্কৃতি পল্লিখ্যাত টাউন হল চত্বরে। জেলা শিল্পকলা একাডেমি, টাউন হল অডিটরিয়াম, পাবলিক লাইব্রেরিসহ চত্বরে থাকা নাট্য ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনগুলোয় তেমন কোনো বৈশাখ নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবার সীমিত পরিসরে বাংলা নববর্ষ উদযাপনের জন্য প্রস্ততি নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা না হলেও এবার পয়লা বৈশাখে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ মেলাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি।

রংপুর জেলা প্রশাসনের দপ্তর সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখে সকাল ১০টায় টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠের বৈশাখী বটতলায় গিয়ে শেষ হবে। সেখানে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লোকজ মেলায় থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে। এবার মাহে রমজান সামনে রেখে আয়োজনের পরিকল্পনা সাজানো হয়েছে।

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জিলা স্কুল মাঠে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হবে। এ ছাড়া সুবিধাজনক সময়ে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালি খাবার এবং ইফতার আয়োজন করা হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, করমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রেও রয়েছে দিনব্যাপী বর্ষবরণ ঘিরে সাংস্কৃতিক ও আড্ডা-আলোচনা ভিত্তিক পরিবেশনা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply