
নিউজ ডেস্ক:
রংপুরে অনুমোদনহীন নর্দান মেডিকেল কলেজের প্রতারিত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেনকে ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক সেমিনারে যোগদান করে চলে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করেন। এসময় মাইগ্রেশন করে অন্য মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দানের দাবি জানান শিক্ষার্থীরা। তবে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক বিষয়টি দেখবেন বলে তড়িঘড়ি করে গাড়িতে উঠে চলে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি নর্দান মেডিকেল কলেজের বিএমডিসি’র অনুমোদন নেই। কর্তৃপক্ষ বিভিন্ন মামলার কাগজপত্র দেখিয়ে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করে আসছেন। পাস করার পরেও তারা ইন্টার্নশিপ করতে পারছেন না। এজন্য ইন্টার্নশিপ ও অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে বেশ কিছুদিন থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
চলমান আন্দোলনের মধ্যে রোববার প্রতিষ্ঠানটির ৩২ জন নেপালী শিক্ষার্থীকে রাতে কৌশলে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে দেশীয় শিক্ষার্থীদের সহায়তায় নেপালীরা রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নেপালী শিক্ষার্থী নারমিন বলেন, নেপাল থেকে আসা ৪০ জন শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর জন্য নর্দান মেডিকেল কলেজে হাসপাতাল নেই, শিক্ষক নেই, বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই। যারা শেষ বর্ষ পাশ করেছেন তাদের ইন্টার্নশিপের কোনও ব্যবস্থা করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাই মাইগ্রেশনের মাধ্যমে অন্য বেসরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ দানের দাবি জানান তারা। সূত্র: বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
