রংপুরে হিন্দু পল্লীর মামলায় জেল হাজতে ওলামা দলের কেন্দ্রীয় নেতা এনামূল হক মাজেদী

রংপুর:

রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়ার হিন্দু পল্লীর মামলায় জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক ও রংপুর জেলা সভাপতি মাওলানা ইনামুল হক মাজেদীর জামিন আবেদন নাকোচ করে দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাডভোকেট একরামুল হক ও এ্যাভোকেট শফি কামাল।

আজ সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ওই মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামী ওলামা দলের কেন্দ্রীয় নেতা এনামুল হক মাজেদী। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসময় রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর ইসলাম শহীদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল মমিন জেহাদী, মহানগর ওলামা দলের সহ-সভাপতি ক্বারী ওমর আলী, ওলামা দল নেতা সোরাওয়ার্দী,জেলা ছাত্রদল নেতা বাবুসহ বিএনপি, ওলামা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওলামা দল নেতা মাজেদীর নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, ঠাকুরপাড়ার ঘটনার সাথে এনামুল হক মাজেদীর কোন সম্পৃক্তা নেই। তিনি ওই এলাকার একজন সম্মানীত ব্যক্তি। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে গিয়েছিলেন। কিন্তুু তাকে ষড়যন্ত্র মূলকভাবে মামলার আসামী করা হয়েছে। আমরা তাঁর নি:শর্ত মুক্তির দাবি করছি।

প্রসঙ্গত: ২০১৭ সালের ৫ নভেম্বর ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় ফেসবুকে মহানবী সা:কে নিয়ে অবমাননাকর পোস্ট দেন। ৬ নভেম্বর টিটু রায়ের বিরুদ্ধে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। এ ঘটনার জের ধরে ওই বছরের ১০ নভেম্বর ঠাকুরপাড়া গ্রামে মুসল্লিদের প্রতিবাদ বিক্ষোভ হয়। এ সময় হিন্দু পল্লীর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর ও গঙ্গাচড়া থানায় দু’টি মামলা হয়। মামলায় ২১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটভুক্তদের মধ্যে অন্যতম আসামী ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও রংপুর জেলা সভাপতি ইনামুল হক মাজেদী সোমবার আদালতে আত্মসমর্পন করেন।

এম২৪নিউজ/আখতার