
অনলাইন ডেস্ক:
রংপুর নগরীতে গত ১৬ দিন ধরে শূন্য রয়েছে সাব-রেজিস্ট্রার পদ। ফলে নগরীতে জমি কেনা-বেচাসহ বন্ধ রয়েছে সব ধরনের কার্যক্রম। জমির দলিল করতে এসে দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ। জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব-রেজিস্ট্রার না থাকায় জমি কেনা-বেচার দলিল সম্পাদন কার্যক্রমসহ অন্যান্য কাজ বন্ধ রয়েছে।
রংপুর রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, সাব-রেজিস্ট্রার অফিসে মহানগর, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডসহ সদর উপজেলার জমি কেনা-বেচার দলিল সম্পাদনসহ যাবতীয় কার্যক্রম চলে। সর্বশেষ দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান ১৫ দিন আগে অবসরে গেছেন। তার পরিবর্তে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ সংক্রান্ত কোনো আদেশও জারি করা হয়নি আইন মন্ত্রণালয় থেকে।
জেলা রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তা বলেন, আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর বিষয়টি তদারকি করে। তারা আগে থেকেই জানে সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান অবসরে যাচ্ছেন। তার স্থলে একজন সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া প্রয়োজন। কিন্তু বিষয়টি আমলে নেননি সংশ্লিষ্টরা।
সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার মমিনপুর থেকে জমি বিক্রির দলিল করতে এসেছেন আমিনুল ও তার স্ত্রী আলেমা বেগম। তারা চার দিন অফিসে এসে সাব-রেজিস্ট্রার না থাকায় ফিরে গেছেন। তারা জানান, স্বামী-স্ত্রী চিকিৎসার জন্য ভারতে যাবেন। সে জন্য একটি জমি বিক্রি করতে কিছু টাকা বায়না নিয়েছেন। এখন জমির দলিল করে দিতে না পারলে ক্রেতা বাকি টাকা দেবেন। এ জন্য কয়েক দিন সাব-রেজিস্ট্রার অফিসে এসেছেন। ঠিক কবে সাব-রেজিস্ট্রার যোগদান করবেন তা বলতে পারছেন না অফিসের কেউ।
দুর্ভোগের একই কথা জানান নগরীর হাজির হাট এলাকার সালাম মিয়া। তিনি বলেন, জমি কেনার জন্য বায়নার টাকা দিয়েছি। সময় ছিল একমাস। গত কয়েকদিন ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে গেছে। জমি রেজিস্ট্রি না করলে মালিক যদি বিক্রি না করেন, তাহলে আইনত আমার কিছুই করার নেই। এমনকি বায়না হিসেবে দেওয়া টাকাও পাবো না। সাব-রেজিস্ট্রার না থাকায় দারুণ বিপদে পড়েছি।
এদিকে রংপুর রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, গত ১৬ দিনে অন্তত ৬-৭ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। সেই সঙ্গে মানুষের জমি বেচা কেনার ভোগান্তি বেড়েছে।
সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম বলেন, সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান অবসরে যাওয়ার পর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে জমি বেচা কেনা করতে মানুষ এসে প্রতিদিন ফিরে যাচ্ছেন। কবে নাগাদ নতুন সাব-রেজিস্ট্রার যোগদান করবেন এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার