রংপুরে ৮ অসহায় পরিবার পেল মাথা গোজার ঠাঁই, ৮ থানায় বিশেষ সেবা ডেস্ক

মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গৃহহীনদের জন্য ঘর এবং নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সেবা ডেস্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী||

রংপুর অফিস:

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে জনবান্ধব ও কল্যাণমুখী পুলিশিং এর অংশ হিসেবে মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১০ এপ্রিল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে এসকল গৃহ হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন।

এসময় রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে গণভবনের সাথে সরাসরি অনলাইনে সংযুক্ত ছিলেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম , অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা,বীর মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান, উপজেলার সরকারি কর্মকর্তা,পৌরসভার মেয়র, স্থানীয় জন প্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সময়ে সার্ভিস ডেস্ক থেকে সেবা গ্রহণকারী নাগরিক ও নতুন গৃহ পাওয়া উপকার ভোগীগণ।

রংপুর রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম এর সঞ্চালনায় মাননীয় প্রধানমন্ত্রী রংপুর জেলার নারী, শিশু, বয়স্ক ডেস্কে সেবা প্রদানকারী অফিসার, সেবা গ্রহণকারী নাগরিক ও নতুন গৃহ পাওয়া উপকার ভোগীদের অনুভূতি শুনেন।

এসময় পীরগঞ্জ থানার নারী, শিশু, বয়স্ক ডেস্ক থেকে সেবা গ্রহণ কারী মোছাঃ লাইজু বেগম (৩০) বলেন, “আমার স্বামী ট্রাক ড্রাইভার। গত ১৫ মার্চ, ২০২২ তারিখে আমার ৪ বছরের শিশু সন্তান লাজিমকে অপহরণ করে অপহরণকারী আমার কাছে মুক্তিপণ দাবি করে। আমি তখন পীরগঞ্জ থানায় গিয়ে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে সাহায্য চাইলে পুলিশ মাত্র ৩ ঘন্টার মধ্যে আমার ছেলেকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা থেকে উদ্ধার করে ও আসামিকে গ্রেফতার করে। আমি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের এতো দ্রæত ও আন্তরিক সেবা পেয়ে খুবই খুশি।”

রংপুরের পীরগঞ্জে নতুন ঘর পাওয়া সেকেন্দার আলী (৫০) জানান, আমি একজন অন্ধ মানুষ, ভিক্ষা করে খাই। আমার কোন বাড়ি ঘর নাই, আমি আগে স্কুলের বারান্দায় ঘুমাইতাম। পুলিশ আমাকে এখন একটা সুন্দর ঘর করে দিয়েছে, পুলিশের এই ঘর পেয়ে আমি অনেক খুশি। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি।”

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।’ মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ ৫১৯টি থানায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং আজকে প্রাথমিক পর্যায়ে ৪০০টি গৃহ হস্তান্তর করা হয়।

এ কর্মসূচির আওতায় আজকে রংপুর জেলার ৮ টি উপজেলায় ৮টি অসহায় গৃহহীন পরিবারকে দৃষ্টিনন্দন, মজবুত ও পাকা গৃহ হস্তান্তর করা হয়েছে। ৪১৫ বর্গ ফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। গৃহহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম, অতিবৃদ্ধ ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই, এমন পরিবার অথবা অসহায় মুক্তি যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রংপুর জেলা থেকে নতুন গৃহ পেয়েছেন কোতোয়ালি থানার বিধবা নারী মোছাঃ ছাফিয়া বেগম (৩৫), পেশা ভিক্ষাবৃত্তি, গঙ্গাচড়া থানার বিধবা নারী মোছাঃ পেয়ারী বেগম (৫৩), পেশা ভিক্ষাবৃত্তি, তারাগঞ্জ থানার বিধবা নারী মোছাঃ মকছু বেগম (৪৮), পেশা ভিক্ষাবৃত্তি, বদরগঞ্জ থানার মোছাঃ রুপিয়া খাতুন (৪২), পেশা গৃহকর্মী, মিঠাপুকুর থানার প্রতিবন্ধী মোঃ গোলাম মোস্তফা (৪৮), পীরগঞ্জ থানার দৃষ্টি প্রতিবন্ধী মোঃ সেকান্দার মিয়া (৫০), পেশা ভিক্ষুক, পীরগাছা থানার বিধবা নারী মোছাঃ আছমা খাতুন (৫৪), পেশা দিনমজুর, কাউনিয়া থানার বিধবা নারী মোছাঃ রাবেয়া খাতুন (৫২)।

এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক।দেশের ৬৫৯টি থানায় একটি বিশেষ কক্ষ নির্মাণ অথবা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে।

প্রতিটি থানায় সার্ভিস ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। সার্ভিস ডেস্ক কর্মকর্তাগণ থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে থাকেন।

২০২০ সালের জানুয়ারি মাস থেকে এই সার্ভিস ডেস্ক দেশের সকল থানায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়। সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৪৭৬ জন নারী, ৩২ হাজার ২৮৬ জন শিশু, ১ লাখ ৩৮ হাজার ৩২৫ জন পুরুষ এবং ১১ হাজার ৮১ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৩ লাখ ৬৩ হাজার ১৬৮ জনকে এই ডেস্ক থেকে সেবা দেওয়া হয়েছে। রংপুর জেলার ৮ টি থানায় এই বিশেষায়িত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের মাধ্যমে জনগণকে সেবা দেয়া হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার এই আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ পুলিশ মানবিকতায় উজ্জীবিত হয়ে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করেছে, যা জনবান্ধব ও কল্যাণমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply