
রংপুর অফিস:
রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে ধারনক্ষমতার চেয়ে বেশী রোগী ভর্তি হওয়ায় চিকিৎসকদের চাপ বেড়ে যাওয়ায় স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে রবিবার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন হাসপাতালটির তত্বাবধায়ক এস এম নুরুন্নবী। তার আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আগ্রহ দেখিয়ে সোমবার সকালে ওই চার চিকিৎসক হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে দেখা করেছেন।
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী চিকিৎসকরা হলেন- ডা. আকিবুল ইসলাম, ডা. রেজওয়ানুল হক, ডা. মুদাসসিরর আলী ও ডা. সুমন আহমেদ। তারা চারজনই ডা. রেজওয়ান জানান, স্যারের পোস্ট দেখে বসে থাকতে পারিনি। বর্তমানে কঠিন সময় পার করছি আমরা। এমন সময়ে মানুষের জন্য কাজ করার তাড়না থেকে স্যারের সাথে যোগাযোগ করেছি।
ডা. এস এম নুরুন্নবী বলেন, ওই চারজন দেখা করেছেন। আরও অনেকেই কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। আগামীকাল মঙগল বার থেকে তাদের কাজ শুরু হবে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে। এর আগে রোববার তিনি তার নিজস্ব ফেইসবুক আইডিতে লেখেন, করোনা মহামারির এই সময়ে রংপুর ডেডিকেটেড করােনা আইসােলেশন হাসপাতালে রােগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গুনগত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিছু স্বেচ্ছাসেবী তরুণ চিকিৎসক প্রয়ােজন। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি। স্বেচ্ছাসেবক চিকিৎসকদের সুরক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের বলে উল্লেখ করেন তিনি।
ডা.এস এম নুরুন্নবী জানিয়েছিলেন, হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। ১০০ রোগীকে শিফট করে চিকিৎসা দিচ্ছেন মাত্র ২০জন চিকিৎসক। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তাই স্বেচ্ছাসেবী চিকিৎসকদের আহবান করেছি। দু-চারজন আসলেও আমরা উপকৃত হবো।