
নিউজ ডেস্ক:
ধারণক্ষমতা বেশি হওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকায় রংপুর চিড়িয়াখানা থেকে তিনটি হরিণ বিক্রি করা হয়েছে। হরিণ তিনটি কিনেছেন চট্টগ্রামের একজন সৌখিন ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার এ তথ্য জানান।
বুধবার বিকেলে চট্টগ্রাম জেলার চকবাজার এলাকার ব্যবসায়ী গহর সিরাজ জামিল তিনটি হরিণ ক্রয় করেন। এর মধ্যে একটি পুরুষ ও দুটি মেয়ে হরিণ রয়েছে।
রংপুর চিড়িয়াখানা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার জানান, ব্যবসায়ী গহর সিরাজ জামিল হরিণ তিনটি কেনার আগে চট্টগ্রাম বন বিভাগের অনুমতি নিয়ে সেখানকার চিড়িয়াখানায় যোগাযোগ করেন। কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানাতে অতিরিক্ত হরিণ না থাকায় সেখান থেকে রংপুর চিড়িয়াখানার মাধ্যমে হরিণ ক্রয়ের প্রস্তাব দেন।
ডেপুটি কিউরেটর বলেন, রংপুর চিড়িয়াখানার তিনটি শেডে ৩০-৪০টি হরিণের থাকার মতো জায়গা রয়েছে। করোনা মহামারিতে দীর্ঘসময় সরকারি নির্দেশে চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। ওই সময়ে কোলাহলমুক্ত পরিবেশ ছিল। নিস্তব্ধ পরিবেশে খাঁচাবন্দি পশু-পাখির প্রজনন ক্ষমতা বেড়ে যায়। ঘোড়া, হরিণ, গাঁধা, বানর, ময়ূর, মদনটেকসহ আরো বেশকিছু প্রাণীর ঘরে আসে নতুন অতিথি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার