
রংপুর অফিস:
রংপুর জেলার নির্মিত ৫ টি মডেল মসজিদ এর নির্মাণ কাজ শেষ। চলছে মসজিদ উদ্বোধনের আগমুহূর্তে প্রস্তুতি। ইসলাম ধর্মের নামে সন্ত্রাস, জঙ্গীবাদ, অপব্যাখ্যা প্রতিরোধে এক ধরণের বিশেষ এই মসজিদগুলো মুজিববর্ষ উপলক্ষে প্রথম ধাপে সারাদেশে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রংপুর জেলার সিটি করপোরেশন এলাকা ছাড়াও সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জের নির্মাণাধীন পাঁচটি মডেল মসজিদ রয়েছে উদ্বোধনের তালিকায়। আজ সকাল ১০ টায় এ মসজিদ উদ্বোধন করবেন বলে জানাগেছে।
গতকাল বুধবার রংপুর জেলায় ঘুরে দেখা যায়, রংপুর নগরের জেলা প্রশাসক কার্যালয়-সংলগ্ন কাচারি বাজার রোডে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে নির্মাণাধীন মডেল মসজিদ কমপ্লেক্সের কাজ শেষ। এখন নির্মাণ শ্রমিকরা ধোয়া মোছা সহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে সদর উপজেলার পাগলাপীরে, পীরগঞ্জের লালদিঘীতে, মিঠাপুকুরের উপজেলা পরিষদ চত্বরে এবং বদরগঞ্জের উপজেলা পরিষদ চত্বরের পাশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়। উপজেলা পর্যায়ের মসজিদগুলো তিনতলা হলেও রংপুর জেলা শহরের মসজিদটি চারতলাবিশিষ্ট। অনুমোদিত নকশা অনুযায়ী জেলা শহরের প্রতিটি মডেল মসজিদের আয়তন প্রায় ৪০ হাজার বর্গফুট এবং উপজেলার মসজিদগুলোর আয়তন ৩০ হাজার বর্গফুট।এর মধ্যে রংপুর জেলায় রয়েছে ৯টি মসজিদ। প্রথম ধাপে পাঁচটি মডেল মসজিদ উদ্বোধন করা হচ্ছে এবং বাকি চারটি খুব দ্রুত উদ্ভোধন করা হবে বলে জানিয়েছে রংপুর জেলা প্রশাসন।
রংপুরের গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন জানান, মুজিববর্ষ উপলক্ষে এ বছর প্রথম ধাপে সারা দেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। এ তালিকায় রংপুরের জেলা শহর, সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার মডেল মসজিদ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মডেল মসজিদ উদ্বোধন করার পর নামাজের জন্য মসজিদগুলো উন্মুক্ত করা হবে।নারী-পুরুষদের আলাদা উযু-নামাজের ব্যবস্থাসহ মক্তব, গ্রন্থাগার, গবেষণাকেন্দ্র, ইমাম ও হাজিদের প্রশিক্ষণকেন্দ্র, কনফারেন্স রুমসহ আরও অনেক কিছুই থাকবে, পুরো মসজিদ হবে শিতাতপ নিয়ন্ত্রিত। ইসলামের নামে জঙ্গীবাদ রুখতে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেয়াই কাজ। আর ইসলাম যে শুধু একটি ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবন-বিধান সেই বিশ্বাস ও সংস্কৃতি গড়ে তুলতে একেকটি মসজিদই হতে পারে সব থেকে আদর্শ স্থান।
রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, জেলায় মোট নয়টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ১০ জুন প্রধানমন্ত্রী রংপুরের পাঁচটি মসজিদের উদ্বোধন করবেন। বাকি চারটিও খুব দ্রুত উদ্বোধন করা হবে। বর্তমানে প্রথম ধাপের পাঁচটি মসজিদ উদ্বোধনের জন্য ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার