
রংপুর অফিস:
রংপুর সিটি কর্পোরেশন সহ জেলার ৮ উপজেলায় পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।এর মধ্যে জেলার ৮ উপজেলায় ৩ লাখ ৪৯ হাজার ৭শ ৮৫ জন এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২৭ হাজার ৫শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। ১১ই ডিসেম্বর থেকে চার দিনব্যাপী প্রতি সপ্তাহের শনি, রোব, সোম ও মঙ্গলবার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর ১৯ নম্বর ওর্য়াডের সূর্য্যদয় ক্লাব ও পাঠাগার কেন্দ্রে একটি শিশুকে ”নীল” রংয়ের ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, জেলা প্রশাসক আসিব আহসান, স্থানীয় ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ২৩ নম্বর ওর্য়াড কাউন্সিলর সেকেন্দার আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার সকালে রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায় সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর কমিউনিটি ক্লিনিকে একটি শিশুকে ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, শনিবার থেকে ৪ দিন ব্যাপী“ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে রংপুরের ৮ উপজেলায় ৩ লাখ ৪৯ হাজার ৭৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ৮০৫ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৮৮০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৮ উপজেলায় ১ হাজার ৮৩২ টি কেন্দ্রের মাধ্যমে ৪ হাজার ৯১৫ জন স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছেন।
এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওর্য়াডের ১ লাখ ২৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাসক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫শ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৬৩৮ জন স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত রয়েছেন।
এম২৪নিউজ/আখতার