
নিউজ ডেস্ক:
অবশেষে যানজট মুক্ত হয়েছে রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম এলাকায় ধাপ মেডিকেল মোড়। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত উপকমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা মেডিকেল মোড় থেকে বাসস্ট্যান্ড উচ্ছেদের মাধ্যমে ওই এলাকাকে যানজট মুক্ত করেন।
মেট্রো ট্রাফিক পুলিশ সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ধাপ এলকার মেডিকেল মোড়ে অস্থায়ী বাসস্ট্যান্ড থাকায় ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী, রোগীসহ সর্বস্থরের মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হতো। মানুষের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে ট্রাফিক পুলিশের নব নিযুক্ত উপকমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলম ওই স্থান থেকে বাসষ্ট্যান্ড উচ্ছেদের উদ্যাগ নেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মেডিকেল মোড় থেকে বিআরটিসি ও লোকাল বাস স্ট্যান্ড উচ্ছেদ করে নুতন স্থানে বাস থামার জায়গা নির্ধারণ করেন। এখন থেকে বিআরটিসি বাস গুলো ধাপ হাজীপাড়া জিয়া ছাত্রাবাসের সামনে ও লোকাল রুটের বাসগুলো পুরাতন লাশ ঘরের সামনে থামার স্থান নির্ধারণ করে দেন। নির্দেশ অমান্য করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় ট্রাফিক পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ- কমিশনার মেনহাজুল আলম, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) উজ্জ্বল কুমার রায়, সহকারি কমিশনার ইমরুল কায়েস ফরহাদ, মেট্রো ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) দেলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে ট্রাফিক পুলিশের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী, রোগী ও তাদের স্বজনরা।