রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে জাপার মনোনয়ন পেলেন বর্তমান মেয়র মোস্তফা

রংপুর অফিস:

রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু মনোনয়ন দেন। মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিস।

জাপা সমর্থিত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসিরও মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিসসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিস বলেন, রংপুরে একাধিক সভা-সমাবেশে বর্তমান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন জাপা চেয়ারম্যান ও মহাসচিব।রোববার আনুষ্ঠানিকভাবে প্রার্থী যাচাই-বাছাই শেষে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

মনোনয়ন পেয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোস্তাফিজার রহমান মোস্তফা।তিনি বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। আগের যেকোনো সময়ের চেয়ে রংপুরে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে।আশা করি যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন তাহলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোট গ্রহণ। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর।প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন।২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট কেন্দ্র গুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply