রংপুর সিটি কর্পোরেশনকে ‘জিরো বাজেট সিটি’ ঘোষণা ছাত্র-জনতার

অনলাইন ডেস্ক:

উত্তরাঞ্চলের প্রতি দীর্ঘদিনের রাষ্ট্রীয় বাজেট বৈষম্য ও রংপুর সিটি কর্পোরেশনের জন্য আলাদা বাজেট না থাকায় ক্ষুব্ধ ছাত্র-জনতা রংপুর সিটি কর্পোরেশনের নাম পরিবর্তন করে প্রতীকীভাবে ‘জিরো বাজেট সিটি কর্পোরেশন’ ঘোষণা করেছে।

৩০ জুলাই (বুধবার) দুপুরে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উত্তরবঙ্গ বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর সিটি কর্পোরেশনের মূল ফটকে সাইনবোর্ডে ‘জিরো বাজেট সিটি কর্পোরেশন’ নামে একটি ব্যানার টাঙিয়ে প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভকারীরা রংপুরসহ উত্তরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করতে দুই দফা দাবি তুলে ধরেন: ১। উত্তরবঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সবখাতে বাজেট বৈষম্য নিরসন; ২। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।

সমাবেশে নাহিদ হাসান খন্দকার, শাহরিয়ার সোহাগ, রিনা মুরমু, ও তৌহিদুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

তারা বলেন, ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য সিটি কর্পোরেশনকে হাজার কোটি টাকা বাজেট দেওয়া হলেও রংপুর সিটির জন্য বরাদ্দ নেই বললেই চলে। অথচ আন্দোলন-সংগ্রামে উত্তরাঞ্চলের মানুষই সবসময় সামনে থেকেছে। শহীদ শংকু থেকে শুরু করে আবু সাঈদরা এই রংপুর থেকে দেশ গড়ার লড়াইয়ে প্রাণ দিয়েছে। অথচ রাষ্ট্র বারবার এই অঞ্চলকে অবহেলার চোখে দেখে। যখন লাশ লাগে তখন রংপুরকে ডাকা হয়, কিন্তু উন্নয়নের সময় বঞ্চিত রাখা হয়।

বক্তারা বলেন, রংপুরের মানুষ হিসেবে আমাদের লজ্জা পাওয়া উচিত। আমাদের শহরের জন্য এক টাকাও বাজেট না আসলেও আমরা চুপচাপ বসে থাকি। তারা দাবি করেন, ড. মুহাম্মদ ইউনুস বলেছিলেন— রংপুর একদিন দেশের সেরা জেলা হবে। কিন্তু বাস্তবে রংপুর এখন সবচেয়ে অবহেলিত বিভাগ। তথ্যসূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply