
নিউজ ডেস্ক:
বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও লোকবল নিয়োগে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে প্রচারিত তথ্য-উপাত্ত মিথ্যা ও ভিত্তিহীন। সারাদেশে এই করপোরেশন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। যা এই সিটি কর্পোরেশন ও মেয়রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রসিক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সংবাদ সম্মেলনে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, ‘গত ১৭ ও ১৯ আগস্ট একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে রসিক নিয়ে প্রচারিত প্রতিবেদনের তথ্য-উপাত্ত সব মিথ্যা ও ভিত্তিহীন। ২ জনের নিয়োগ বিজ্ঞপ্তির যে ছবি দেখানো হয়েছে। সেটি এখনও প্রক্রিয়াধীন, কিন্তু প্রচার করা হয়েছে ওই নিয়োগের বিপরীতে ১০ জন উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে।
সিটি মেয়র বলেন, সাবেক মেয়রের আমলের ১৭৭ জনকে ছাঁটাই করার কথা বলা হয়েছে প্রতিবেদনে। কিন্তু তাদের মধ্যে এখনও ১১৬ জন কর্মরত এবং ৬১ জন হাইকোর্টে মামলা করায় প্রক্রিয়াধীন আছে। ৮২০ জনের জনবল কাঠামো এখনও অনুমোদন না হওয়ায় রসিক সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য মোট ৩০২ জন দিনমজুর ভিত্তিতে লোক নিয়োগ দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু প্রচারিত সংবাদে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে করপোরেশন ও আমার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে।’ তিনি প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান সাংবাদিক সম্মেলনে।
আরো পড়ুন: মিঠাপুকুরে গরু চুরি, মামলা
এ সময় সিটি করপোরেশন প্রধান নির্বাহী রুহুল আমিন মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, সচিব মো. রাশেদুল হক, প্যানেল মেয়র সামসুল হক, মো. মাহামুদুর রহমান টিটুসহ কাউন্সিলর, কর্মকর্তাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার