রংপুর হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম, ১ জনের মৃত্যু

রংপুর অফিস:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামের এক নারী।

মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ওই চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আদুরী বেগম আশা কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী। আট বছর আগে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সময় পর চিকিৎসা গ্রহণের একপর্যায়ে আশা অন্তঃসত্বা হন।

মঙ্গলবার সকালে চিকিৎসকদের পরামর্শে আদুরী বেগম আশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে চার সন্তানের জন্ম দেন তিনি। আদুরী বেগম আশা ও মনিরুজ্জামান বাঁধন দম্পতির চার সন্তান জন্মের পর মারা গেছে একজন।বুধবার দুপুরে মারা যায় ছেলে সন্তানটি বাকি তিন মেয়ে শিশু এখন রয়েছে নিবিড় পর্যবেক্ষণে।

শিশুদের চিকিৎসার দায়িত্বে থাকা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে শিশুটি মারা গেছে। তার ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রাম। বাকি শিশুদেরও ওজন কম। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।

চার নবজাতকের বাবা মনিরুজ্জামান বাঁধন। তিনি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত। দীর্ঘ আট বছর পর সন্তানের বাবা হওয়ায় খুশি তিনি।মনিরুজ্জামান বলেন, নিরাপদ প্রসবের জন্য চিকিৎসকের পরামর্শে আমি আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন ধরে রংপুরে একটি ভাড়া বাড়িতে রয়েছি। গত ১ মার্চ আলট্রাসনোগ্রাম করে একসঙ্গে চার সন্তান গর্ভধারণ করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ চলতে থাকে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে আমার স্ত্রী আশাকে হাসপাতালে ভর্তি করা হয়এবং রাত ৯টা ৪০ মিনিটে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। চার নবজাতক ভালো রয়েছে, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া আমার স্ত্রীকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গর্ভধারণের আট মাসে এই চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে তিন শুধু ছেলে নবজাতকের ওজন একটু কম হলেও বাকি তিন কন্যা নবজাতকের ওজন ও গঠন ঠিক রয়েছে। বর্তমানে চার নবজাতকই সুস্থ আছে।

এদিকে চার সন্তান প্রসবের ঘটনাটি জানাজানি হওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড় করছেন বিভিন্ন ওয়ার্ডের রোগী, অভিভাবক ও উৎসুক মানুষেরা। তাদের প্রত্যাশা, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠুক চারজন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply