রংপুুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার, দুই কারখানায় জরিমানা

নিউজ ডেস্ক:

রংপুরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় কারখানা দুইটির মালিক-কে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শালবন মিস্ত্রীপাড়া ও কেরানীপাড়ায় অভিযান চালিয়ে এসব নকল সামগ্রী উদ্ধার করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শালবন মিস্ত্রীপাড়ায় মিজানুর রহমান ও কেরানীপাড়া স্টাফ কোয়াটার সংলগ্ন এলাকায় মেহেদী হাসানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। কারখানা দুটিতে বিপুল পরিমাণ নকল বেবি সোপ, বেবি ওয়েল, বেবি পাউডার, বেবি লোশন, অলিভ ওয়েল, বেবি সেম্পু, ক্লিন এন্ড ক্লিয়ার, সেন্ট স্প্রে, হেয়ার কালার, হেয়ার ওয়েল ও হেয়ার রিমুভার পাওয়া যায়। এসব নকল প্রসাধনীতে নিজেদের তৈরি লেবেল ও মূল্য তালিকা লাগানো রয়েছে। মেয়াদোত্তীর্ণ সামগ্রীতে নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে।

নকল প্রসাধনী তৈরি করায় মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মেহেদী হাসানকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক।

মিজানুর রহমান তারাগঞ্জ উপজেলার হারিয়াল কঠি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও মেহেদী হাসান মিঠাপুকুরের বৈরাতির হাট এলাকার ফয়জার রহমানের ছেলে।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply