রমেকে প্রথম দিনে ৪২ জনের নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার প্রথম দিনে ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাসহ হোম কোয়ারেন্টাইনে থাকা ৪২ জনের শরীরের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে রয়েছেন ১০ জন নারী ও ৩২ জন পুরুষ।

এর মধ্যে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের ২ জন, পীরগাছা উপজেলার ২ জন, গঙ্গাচড়া উপজেলার ২ জন এবং হারাগাছ পৌর এলাকার ১ জন সহ রংপুরের ১১ জন রয়েছে। এছাড়া দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং নীলফামারী জেলার ৩১ টি নমুনা এখানে পরীক্ষা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজী বিভাগের প্রধান এবং ল্যাব তত্বাবধায়ক ডাক্তার মোস্তাাকিমুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুপুরের মধ্যে এসব নমুনা পরীক্ষার কাজ সম্পন্ন করে সেসব আইইডিসিআর সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হবে।

তিনি জানান, পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণতঃ ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। এখানে একই সাথে দিনে ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজের র‌্যাবে ২২৮ টি করোনা ভাইরাস পরীক্ষার কিট মজুদ রয়েছে বলে জানা গেছে।

এদিকে রংপুর বিভাগের আট জেলার কোনো রোগীর শরীরে করোনা আক্রান্তের উপসর্গ দেখা দিলে নিজ নিজ এলাকার হাসপাতাল ও সিভিল সার্জনসহ প্রয়োজনীয় নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

রংপুরের রোগীদের জন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বর (০১৭১২-১৭৭২৪৪)। এছাড়াও রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নম্বর (ফোন- ০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০)।

সূত্র: ইত্তেফাক অনলাইন।