রমেক হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক ‘এফেরেটিক’ মেশিন স্থাপন

|| রক্ত স্বল্পতা জনিত রোগীর বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া যাবে ||

রংপুর অফিস:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক এফেরেটিক মেশিন স্থাপন করা হয়েছে।অত্যাধুনিক প্রযুক্তির এই মেশিনের সাহায্যে রক্ত দিতে হবে না। সরাসরি রক্তের এফেরেসিস করে প্লাটিলেট ডেঙ্গু রোগীকে দিতে পারবেন দাতা। এছাড়াও রক্ত স্বল্পতা জনিত রোগীর বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া যাবে।

আজ বৃস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রক্তদাতার ‘বি পজিটিভ’ প্লাটিলেট প্রসেসিংয়ের মাধ্যমে এফেরেটিক মেশিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ জোবায়দা জান্নাত, মেডিকেল অফিসার ডাঃ মুফেক মাহমুদ, এফেরেটিক মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেড-এর এক্সিকিউটিভ অফিসার ফাহাদিন বিন হাকিম ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমির হোসেন।

এর আগে রক্ত পরিসঞ্চালন বিভাগে স্থাপিত মেশিনটি পরিদর্শন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শরীফুল হাসান, উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।সরকার থেকে দেওয়া এই মেশিনের সুবিধা রংপুর অঞ্চলের চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষের ব্যয় সাশ্রয়ী করবেন বলে হাসপাতালের পরিচালক জানান ।
সর্বাধুনিক এ মেশিনটির মাধ্যমে প্রথম বারের মতো রক্ত স্বল্পতায় আক্রান্ত রোগীকে প্লাটিলেট দেন লালমনিরহাটের বড়বাড়ী এলাকার সাদেকুল ইসলাম।

সাদেকুল ইসলাম বলেন, এরআগে আমি সাতবার রক্তা দিয়েছি। কিন্তু প্লাটিলেট দেওয়ার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। আমার নতুন একটি অভিজ্ঞতা হলো। সেইসঙ্গে এই মেশিনের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম প্লাটিলেটদাতা হতে পেরেছি। এতে আমি ভীষণ খুবই আনন্দিত।

রোগীর ছেলে মজিদুল ইসলাম বলেন, আমার মা দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছেন। তার জন্য চিকিৎসকরা প্লাটিলেট ব্যবস্থা করতে বলেছিলেন।আর্থিক অবস্থা ভালো নাথাকার কারণে আমরা চারজন রক্তদাতাকে একসঙ্গে করতে পারেনি। এমনকি ঢাকায় যাওয়ার মতো আমাদের অর্থও ছিল না।আজ হাসপাতালে নতুন এফেরেটিক মেশিন স্থাপনের পর আমার প্রতিবেশি একজন প্লাটিলেট দিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ জোবায়দা জান্নাত বলেন, এখন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক এফেরেটিক মেশিনের সাহায্যে প্লাটিলেট এফেরেটিক, স্টেমসেল সংগ্রহ (পিবিএসসি), থেরাপিউথিক প্লাজমা এক্সচেঞ্জ (টিপিই), সাইটো এফেরেটিক, সিসিপি করা যাবে।ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্লাটিলেট প্রয়োজন হয়। আগে চারজনের কাছ থেকে রক্ত নিয়ে এফেরেসিস করে ডেঙ্গু রোগীকে প্লাটিলেট দিতে হতো।

হাসপাতালে এফেরেটিক মেশিন স্থাপন করায় এখন সরাসরি ডেঙ্গু রোগীর জন্য একজনের কাছ থেকে প্লাটিলেট নেওয়া যাবে। এতে দাতার রক্ত দিতে হবে না। এফেরেটিক মেশিনের মাধ্যমে সরাসরি রক্তের এফেরেসিস করে প্লাটিলেট ডেঙ্গু রোগীকে দিতে পারবেন।

এফেরেটিক মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেড-এর এক্সিকিউটিভ অফিসার ফাহাদিন বিন হাকিম বলেন, দেশের বিভিন্ন হাসাপাতাল ৫১টি মেশিন রয়েছে, এরমধ্যে রংপুর বিভাগে এটি প্রথম স্থাপিত এফেরেটিক মেশিন। সরকারি হাসপাতালে রোগীরা খুবই সাশ্রয়ী মূল্যে এই মেশিনের মাধ্যমে সেবা নিতে পারবেন। কোনো বেসরকারি হাসপাতালে এফেরেটিক মেশিনে সেবা গ্রহণ অনেক ব্যয়বহুল।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply