রাঙ্গা ইস্যু: গঙ্গাচড়ায় জাপা-আ.লীগ ধাওয়া-পালটা ধাওয়া

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে গঙ্গাচড়া উপজেলা জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাচড়ায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরো পয়েন্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন বলে জানা গেছে।

রংপুর মহানগর যুবসংহতির প্রচার মিছিল থেকে রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন যুবসংহতির নেতাকর্মীরা।