সরকারের ইশারায় পুতুলের মত মোটর মালিক সমিতির ধর্মঘটের ডাক: রংপুরে বিএনপি’র ভাইস চেয়ারম্যান

রংপুর অফিস:

বিএনপি’র ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ইশারায় পুতুল নাচের পুতুলের মত মোটর মালিক সমিতি ধর্মঘট কর্মসূচীর ডাক দিয়েছে। যা তারা অতীতেও করেছে। তাদের লক্ষ্য হলো বিএনপি’র গণসমাবেশকে কিভাবে ছোট করা যায়। 

শুক্রবার সন্ধার আগে রংপুর  কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি’র গণসমাবেশ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রংপুরের গণসমাবেশে আসা তেতুঁলিয়া থেকে শুরু করে বিভাগের বিভিন্ন এলাকার জনগণ ও বিএনপি’র নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 

তিনি বলেন, একটি রাজনৈতিক দল সংবাদ সম্মেলনে তাদের প্রচার বিলবোর্ডের উপর আমাদের দলের নেতাকর্মীদের ব্যানার লাগানোর অভিযোগ তুলেছে। আমাদের কথা হচ্ছে বিলবোর্ড ভাড়া দিয়ে ব্যবহার করতে হয়। আমাদের নেতাকর্মীরা ৩ দিনের ভাড়ার পয়সা দিয়ে বিলবোর্ড ব্যবহার করছে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সেজন্যই আমরা অন্যের পোস্টার বা ব্যানারের উপরে আমাদের ব্যানার বা পোস্টার লাগাইনি।

সংবাদ সম্মেলনে বিএনপি’র যুগ্ম মহাসচিব এমপি হারুন-অর-রশিদ এমপি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতির উদ্দেশ্যে বিভিন্ন সময় যেভাবে, যে আঙ্গিকে কথা বলেন, তাতে আমার মনে পড়ে ছোটবেলায় আমরা দেখতাম সার্কাসে জোকার চরিত্রে একজন অভিনয় করতো। ঠিক সেই জোকারের মতো তিনি কথাবার্তা বলছেন। তিনি জাতীয় জোকারে পরিণত হয়েছেন। তিনি আমাদের এই সমাবেশকে ঘিরে বলেছেন, আমরা (আওয়ামী লীগ) সমাবেশ কাকে বলে তা দেখিয়ে দিব। এটা কি আওয়ামী লীগের মুখে শোভা পায়? আজকে সারাদেশের মানুষ যে দুর্ভোগে জীবন অতিবাহিত করছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকরিয়া ইসলাম জীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply