
নিউজ ডেস্ক:
রংপুরে ডিও লেটারে স্বাক্ষর না দেওয়াকে কেন্দ্র করে রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদের ওপর দলীয় নেতা-কর্মীরা হামলা করেছে। এ সময় তারা চেয়ার ও টেবিল ভাংচুর করে।
মঙ্গলবার (২জুন) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-প্রিন্স (৩৫) ও টিপু সুলতান (৩২)।
জানা গেছে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বাস ভবন পল্লী নিবাসে যান রংপুর মহানগর জাতীয় পার্টির ২৭, ২৮, ৩০, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লী নিবাসের মূল ভবনের সামনে বসে শুভেচ্ছা বিনিময় করছিলেন সাদ এরশাদ। এ সময় সাদ এরশাদকে উদ্দেশ্য করে ২৭ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক টিপু সুলতান রংপুরী একটি ডিও লেটারে স্বাক্ষর না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
তবে সাদ এরশাদের ব্যক্তিগত এক কর্মকর্তা জানান, অতর্কিতভাবে উপস্থিত হয়ে সাদ এরশাদকে উদ্দেশ্য করে গালাগালের এক পর্যায়ে তার ওপর হামলা করতে উদ্ধত হয় ২৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান। সে সময় উপস্থিত নেতা-কর্মী ও ভবনের স্টাফরা তাকে ধরে ফেলে। খবর পেয়ে তাজহাট থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার সময় সাদের স্ত্রী মাহিমা এরশাদও সেখানে ছিলেন। তবে তারা দুইজনই অক্ষত থাকলেও রাত সাড়ে ৮টার দিকে আরেক দফা হামলা করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে সংসদ সদস্যের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
সূত্র: ইত্তেফাক অনলাইন।