সিপিবির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষসহ আটককৃতদের মুক্তির দাবীতে রংপুরে বিক্ষোভ

রংপুর অফিস:

ডিজিটাল নিরাপত্তা আইনে আটকৃত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য এবং গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মিহির ঘোষ এবং গাইবান্ধা জেলার গিদারী ইউনিয়নের সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ছাদেকুল ইসলাম মাস্টার সহ সকল কারাবন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি রংপুর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি রংপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কৃষকনেতা কমরেড আলতাফ হোসেন, কৃষকনেতা হৃদয় কুমার বর্মন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, যুব ইউনিয়ন রংপুর জেলা সভাপতি যুবনেতা মেজবাহ্ বাবু, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সভাপতি ছাত্রনেতা আবু সালেহ্ সিহাব প্রমূখ।

সমাবেশে বক্তারা সকলেই জননেতা কমরেড মিহির ঘোষসহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সেইসাথে অবিলম্বে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবীও জনান।

উল্লেখ্য, গাইবান্ধার গিদারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধা থানায় দায়েরকৃত মিথ্যা মামলায় গত ১৯ জানুয়ারী ২০২২ইং তারিখে কমরেড মিহির ঘোষসহ কতিপয় নেতাকর্মীদের রংপুর সাইবার ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply