১০ দফা আদায়ে রংপুরে রেলওয়ে স্টেশন অবরোধ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক:

সরাসরি রাজশাহীসহ দেশের বিভিন্নস্থানে ট্রেন যোগাযোগ এবং ঢাকার জন্য আরও ৪টি আন্তঃনগর ট্রেন চালসুহ ১০ দফা দাবিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুর রেলওয়ে স্টেশনে বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৪৬১ নম্বর এলআর ট্রেন অবরোধ করে রাখে তারা। এ সময় ১ ঘণ্টা সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, রংপুরে রেল চালু হয় ১৮৭৮ সালের ২ জুলাই। তবে সময়ের সঙ্গে রংপুর বিভাগীয় স্টেশন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হতে পারেনি। ১৫০ বছর ধরে রেল সংযোগ থাকলেও অন্য কোনো বিভাগের সঙ্গে রংপুরের সরাসরি রেল সংযোগ নেই। নেই অবকাঠামোগত উন্নয়ন ও যাত্রী সুবিধা।

তাদের মতে, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে রংপুর স্টেশনের মান তরান্বিত করা সময়ের দাবি মাত্র। তাই রংপুরবাসী এই স্টেশনে যে সব চাহিদা অনুভব করে তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা ১০ দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলো হলো:-

১. রংপুরকে ব্রডগেজ নেটওয়ার্কের আওতায় অন্তর্ভুক্ত করা। পার্বতীপুর থেকে
রংপুর ৩৮ কি.মি. রেলপথে সমান্তরাল নতুন ডুয়েলগেজ লাইন করলে রংপুর ব্রডগেজ
নেটওয়ার্কের আওতায় চলে আসবে এবং রংপুর থেকে মংলা পোর্টসহ রাজশাহী ও খুলনা
বিভাগের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হবে।
২. টারমিনেটেড ফ্যাসিলিটি সম্পন্ন আইকনিক রেলওয়ে স্টেশন, কমপক্ষে ৮০০ মি.
দৈর্ঘ্যের আটটি প্ল্যাটফর্ম নিশ্চিত করতে হবে।
৩. ব্রডগেজ ও মিটারগেজ পৃথক ওয়াসপিট বাস্তবায়ন করা।
৪. টিএক্সআর ফ্যাসিলিটিজ, রেক অবস্থান ও শান্টিং এর প্রয়োজন অনুযায়ী ইয়ার্ড নির্মাণ করা।
৫. সিবিআই সিগন্যাল সিস্টেমের প্রবর্তন করা।
৬. স্টেশনে সব ধরনের সুবিধা যেমন, ফুটওভার ব্রিজ, পার্কিং এরিয়া, পর্যাপ্ত লাইটিং, প্রয়োজন অনুসারে রেলের বিভিন্ন দাপ্তরিক অফিস রুম, উন্নত শৌচাগার, অত্যাধুনিক গেস্টরুম, আবাসিক হোটেল প্রভৃতি বাস্তবায়ন।
৭. রংপুর থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেন অপারেশনাল ক্রু, গার্ড, ইঞ্জিন পরিবর্তন জনিত কারণে অধিক সময় অবস্থান করতে না হয় তার ব্যবস্থা রংপুরে
বিদ্যমান রাখা।
৮. কাউনিয়া বাইপাস এমনভাবে নির্মাণ করতে হবে যেন রংপুর-পার্বতীপুর-সান্তাহার এবং রংপুর-গাইবান্ধা সান্তাহারের দূরত্ব একই হয় কিংবা নূন্যতম পার্থক্য বজায় থাকে।
৯. স্টেশন ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেলওয়ে ফাঁড়িকে রেলওয়ে থানায় রূপান্তর করতে হবে।
১০. বর্তমান রংপুর স্টেশনের পরিবেশ বিবেচনা করে স্টেশন কোলাহলমুক্ত স্থানে স্থানান্তর করতে হবে, সেক্ষেত্রে শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম দূরতে করতে হবে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply