
অনলাইন ডেস্ক:
দেশে সড়ক যোগাযোগ উন্নত করতে উত্তরাঞ্চলে ‘এক্সপ্রেস হাইওয়ে’ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সাসেক-৩ প্রকল্পের আওতায় বুড়িমারী থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ পর্যন্ত চার লেনের এই সড়ক নির্মাণ করা হবে। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদনও জমা দেয়া হয়েছে। খবর-ডিবিসি
রাজধানী ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এক্সপ্রেস হাইওয়ের উদ্বোধন করা হয় গেল বছরের মার্চ মাসে। এবার উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ করতে বুড়িমারী থেকে রংপুরের পায়রাবন্দ পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ‘বুড়িমারী থেকে নিরবিচ্ছিন্নভাবে রংপুর যাবেন। একসেস কন্ট্রোল থাকবে, হুঁট করে আপনি ঢুকতে পারবেন না । দু’পাশে রেলিং থাকবে। যেন রাস্তার গতিটাকে মন্থর করতে না পারে।’
সড়কটি নির্মাণে তিনটি রুটের সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান। প্রথমটি বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাটের বড়খাতা ও নীলফামারীর ডালিয়া হয়ে রংপুরের পায়রাবন্দ পর্যন্ত। দ্বিতীয়টি বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাটের কাকিনা ও রংপুরের গঙ্গাচড়া হয়ে পায়রাবন্দ পর্যন্ত। আর তৃতীয়টি বুড়িমারী থেকে লালমনিরহাট সদর হয়ে মুস্তফিতে কুড়িগ্রামকে সংযুক্ত করে রংপুরের পায়রাবন্দে গিয়ে মিলিত হবে।
প্রস্তাবিত প্রথম রুটে বাধা হয়ে দাঁড়াতে পারে তিস্তা সেচ প্রকল্প। আর দ্বিতীয় রুটের মাধ্যমে সুবিধা পাবে মাত্র একটি জেলার তিন উপজেলার মানুষ। অন্যদিকে, তৃতীয় রুটটি বাস্তবায়ন হলে সুবিধা পাবে দুই জেলার ১৪ উপজেলার মানুষ ও তিনটি স্থলবন্দর। তাই এক্সপ্রেস হাইওয়ে লালমনিরহাট সদর হয়ে নির্মাণের দাবি জেলার মানুষের।
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিরাজুল হক বলেন, ‘আমাদের দেখতে হবে জনগণের ও ব্যবসায়ীদের স্বার্থ কতটুকু আদায় হচ্ছে। শহরের মধ্য দিয়ে যদি চার লেন হয় তাহলে লালমনিরহাটে ব্যতিক্রম ও দৃশ্যমান হবে।’
এ অবস্থায় সব দিক পর্যালোচনা করেই সড়ক নির্মাণের কথা জানিয়েছে প্রশাসন। লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘প্রতিনিধি টিম সরেজমিনে পরিদর্শন করেছে ও রিপোর্ট দাথিল করেছে। প্রতিনিধি টিম যে প্রতিবেদন জমা দিয়েছে টেকনিক্যাল টিম বিষয়টি পর্যালোচনা করে দেখবে।’
এম২৪নিউজ/আখতার