ক্রেতা সেজে ইয়াবা ব্যবসায়ীকে ধরল র‌্যাব

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জে ক্রেতা সেজে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুষভাণ্ডার বাজারের যতীন অ্যান্ড সন্স খাবারের দোকান থেকে তাকে আটক করা হয়।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. হালিউজ্জামান। আটক রশিদুল ইসলাম তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম বৈরাতী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় ক্রেতা সেজে রশিদুল ইসলামের কাছে ইয়াবা কিনতে যান র‌্যাব সদস্যরা। এ সময় নাস্তা খাওয়ার কথা বলে বাজারের যতীন অ্যান্ড সন্সের চায়ের দোকানে বসেন রশিদুল ইসলাম ও তার সহযোগী আশরাফ। ওই সময় তাদের ঘিরে ফেলে শরীর তল্লাশি চালানো হয়। এ সময় রশিদুলের কাছ থেকে ৩৪০টি ইয়াবা উদ্ধার করা করা হয়। অপর সহযোগী আশরাফকে সন্দেহ করে আটক করা হয়। কিন্তু তার কাছে কিছু না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, মাদক ব্যবসায়ী রশিদুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেছে র‌্যাব। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply