গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি শিশুটির বাবা সাইফুল ইসলাম ও মা লায়লা বেগম।

শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিংকন। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ডাকবাংলো ভবনের পাশের বাসায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা সাইফুল ডাকবাংলোর কেয়ারটেকার।

স্থানীয়রা জানায়, ঘটনার রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন লিংকনের মা লায়লা বেগম। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছিটকে পড়েন তারা। এ সময় তাদের শরীরে আগুন ধরে যায়। শিশুটির শরীরের ৫৫ শতাংশ পুড়ে যায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ছেলেসহ বাবা-মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় শিশুটি মারা যায়।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেসময় তাদের হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি তদন্ত করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখ

Leave a Reply