টিফিনের টাকা জমিয়ে শীতার্ত শিশুদের পাশে ‘সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্ক’

নিউজ ডেস্ক:

নিজেকে শুধু লেখাপড়ার মাঝে ব্যস্ত না রেখে টিফিনের টাকা জমিয়ে শীতার্ত ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের বিভিন্নভাবে সহযোগিতায় করে যাচ্ছে  লালমনিরহাটের হাতীবান্ধার ‘সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্ক’।

শুক্রবার সকালে উপজেলার সিঙ্গিামারী ইউপি মাঠে তাদের এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপিতে ৩০ জন সমবয়সী শিক্ষার্থী মিলে ‘সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্ক’ নামে একটি শিশু সংগঠন তৈরি করেছেন। ওই সংগঠনের মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়া দেড় শতাধিক শিশুদের আবারো স্কুলগামী করার পাশাপাশি শীতার্ত শিশুদের পাশে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ নিয়ে এগিয়ে এসেছে এ শিশু সংগঠনটি। 

সংগঠনের সভাপতি মাসুদ বাবু’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সিঙ্গিমারী ইউপি আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু ও রুপান্তর’র সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান। 

বক্তব্য রাখেন, প্রভাষক মনিরুল ইসলাম পল্লব, প্রবীণ সাংবাদিক কাজী আলতাব হোসেন, ইউপি সদস্য মোশারফ হোসেন, শিশু নেটওয়ার্কের সদস্য আনিকা, সাজু, তুষার, মাইদুল ও মিজানুর। 

অনুষ্ঠানে দেড় শতাধিক শীতার্ত শিশুর মাঝে টিফিনের টাকা জমিয়ে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্কের সদস্যরা। 

সূত্র: ডেইলী বাংলদেশ।