
নিউজ ডেস্ক:
লালমনিরহাট সদরে জনসমাগম ঠেকাতে একটি চায়ের দোকানে একাধিক ব্যক্তিকে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নেতৃত্ব দেয়া দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার কুলাঘাট ইউপির ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, চর কুলাঘাট এলাকার মোকতার আলীর দুই ছেলে- মুছা মিয়া ও হজরত আলী।
জানা যায়, জনসমাগম ঠেকাতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবীরের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিলো। সেই সময় কুলাঘাট ইউপর ওয়াবদা বাজার এলাকায় চায়ের দোকান খোলা রেখে কয়েকজন চা পান করছিলেন।
এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করে দোকান বন্ধ করে দেয়া হয়। এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালানোর চেষ্টা করে।
পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নেতৃত্ব দেয়া দুইজনকে আটক করে পুলিশ।
লালমনিরহাট ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।